বাইশরশি শিবসুন্দরী একাডেমীর ইতিহাস এক বিচিত্র বর্ণের সপ্নীল ইতিহাস।
ব্রিটিশ আমল, পাকিস্থান আমল আর স্বাধীন বাংলাদেশ এই তিন আমলের স্বাক্ষী বাইশরশি শিবসুন্দরী একাডেমী। বর্তমানে দেশের বিদ্যালয় সমূহের মধ্যে এ একাডেমী এক বিশেষ স্থান অধিকার করে আছে। এ বিদ্যানিকেতনটি মাতৃজঠর থেকে আলোর মুখ দেখেছিল সেই বৃটিশ শাসনামলে। কালের বিচিত্র অভিজ্ঞতার বিদ্যানিকেতনটি পরিণত হয়েছে এক প্রতিষ্ঠিত বিদ্যাঙ্গনে। এ শতাব্দী জীবন কালে সে তৈরী করেছে দেশবরণ্যে বহু মেধাসম্পন্ন ব্যক্তিত্ব।
বাইশরশি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার অন্তর্গত সদরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম। এটি ভাঙ্গা এবং সদরপুর থানার সীমান্তবর্র্তী মিলন স্থলে অবস্থিত। এর পশ্চিমে স্রোতস্মিনী কাটাখালীর খাল প্রবাহিত। দক্ষিণে নুরল্যাগঞ্জ ইউনিয়ন। উত্তরে ডাক্তার বাজার এবং পূর্বে একাডেমীর প্রতিষ্ঠাতা জমিদার বাবুর বাড়ী ও বিশ্ব জাকের মঞ্জিল। ভৌগলিক দিক থেকে তৎকালীন এর অবস্থান এক দুর্গম ও অনুন্নত এলাকায়, এমনি একটি স্থানে প্রথম পর্যায়ে যারা উন্নয়নের গোড়া পত্তন করেন, তারা হচ্ছেন এ বাইশরশি বাবুর বাড়ির জমিদারগণ। পরবর্তীতে যারা নিরলস পরিশ্রম ও আর্থিক সহযোগীতা দিয়ে এর উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন তাঁদের শ্রদ্ধারত চিত্তে স্মরণ করতে হইল।
আজকের বাইশরশি শিবসুন্দরী একাডেমীর জন্ম ১৯১৪ সনে। চিরস্থায়ী বন্দোবস্তোর পর বর্তমান সরকারী রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা জমিদার রাজেন্দ্রবাবুর পূর্বপুরুষেরা বাইশরশির জমিদার বৃটিশ সরকারের নিকট থেকে স্থায়ীভাবে নিয়ে নেয়। শিবসুন্দরী চৌধুরানী রাজেন্দ্রবাবুর জেঠাতভাই জমিদার মহীনচন্দ্র রায়ের স্ত্রী এবং বাহাদুর মাহেন্দ্র নারায়ন রায় চৌধুরীর মাতা। ফরিদপুরের তথা বাংলা ইতিহাস থেকে জানা যায় তৎকালে এতদাঞ্চলে প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষার কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। জমিদারগণ নিজের সন্তানদের এবং আমত্যবর্গের সন্তানদের শিক্ষার্জনের লক্ষ্যে একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেন। এলাকার ভুস্বামী, সামন্ত্মপ্রভু, আমত্যবর্গ ও পাইক পেয়াদার ছেলেমেয়েদের শিক্ষার জন্য তারা জমিদারকে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার অনুরোধ জানান। এছাড়াও বঙ্গভঙ্গরদ রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়, বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক সুপ্ত রেঁনেসার হাওয়া লাগে। সে হাওয়া অজপাড়াগাঁয়ের এ বাইশরশি গ্রামেও লাগে। এমনি পটভূমিতে বিশ্বযুদ্ধের দামামা যখন সারা পৃথিবীতে বেজে উঠে ঠিক তখন ১৯১৪ সালে বিশিষ্ট বিদুৎসাহী ন্যায়পরায়ন জমিদার রায় বাহাদুর মহেন্দ্রনারায়ন রায় চৌধুরী তাঁর মাতা শিবসুন্দরী চৌধুরাণীর নামে বাইশরশি জমিদার বাড়ীর সন্নিকটে (পশ্চিম পার্শ্বে) ৮ (৭.৯৩) একর জমির উপর একটি বিদ্যালয় নির্মাণের চিন্তাভাবনা করেন।
অতঃপর স্কুল প্রতিষ্ঠার কাজ ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রত গতিতে এগোতে থাকে। সুযোগ্য তত্ত্বাবধায়ক কৈলাস চন্দ্র সাহার কর্মতৎপরতায় ও হিসাব রক্ষক রসিক লাল ভৌমিকের অক্লান্ত পরিশ্রমে বিদ্যানিকেতনটি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয় "শিবসুন্দরী একাডেমী" নামে।